চট্টগ্রামের রাউজানে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ অভিযানে নেমেছে র‍্যাব-৭ (সিপিসি-২)। এই অভিযানের অংশ হিসেবে উপজেলার কদলপুর এলাকা থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

​র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকশ দল কদলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভোমরপাড়া এলাকায় অভিযানে যায়। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

​পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ভোমরপাড়া গ্রামের মাহমুদুর রহমান ওরফে একে মাহমুদের বসতবাড়ির পূর্ব পাশের একটি খালি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি এলজি (পাইপগান) এবং ২ রাউন্ড তাজা ১২ বোরের কার্তুজ জব্দ করা হয়।

​এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, রাউজানকে সন্ত্রাসমুক্ত রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় কদলপুরের ভোমরপাড়ায় অভিযানটি পরিচালিত হয়। সন্ত্রাসীরা পালিয়ে গেলেও সেখান থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এই চক্রের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।