চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গুরুত্বপূর্ণ তিনটি থানায় ওসিসহ পরিদর্শক পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

নতুন আদেশ অনুযায়ী, পাচঁলাইশ মডেল থানার বর্তমান ওসি মো. আব্দুল করিমকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করা হয়েছে। বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বে থাকা ওসি মো. জাহেদুল কবিরকে সিটিএসবিতে (সিটি স্পেশাল ব্রাঞ্চ) সংযুক্ত করা হয়েছে।

​এছাড়া খুলশী থানায় নতুন ওসির দায়িত্ব পেয়েছেন সিএমপির লাইনওয়ারের পরিদর্শক মো. আরিফুর রহমান। অন্যদিকে, খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে পাচঁলাইশ মডেল থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে পরিদর্শক পর্যায়ে আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সিএমপির লাইনওয়ারের পরিদর্শক জামিল হোসেন জিয়াকে ডিবি উত্তরে এবং পরিদর্শক জসিম উদ্দিনকে ডিবি দক্ষিণে বদলি করা হয়েছে। এছাড়া শহর ও যানবাহন পরিদর্শক সাইফুর রহমানকে টিআই সিটি গেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়া খুলশী থানার ওসি আরিফুর রহমান এর আগে সদরঘাট থানায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া ডিবি উত্তরে বদলি হওয়া জামিল হোসেন জিয়া ডবলমুরিং থানায় এবং ডিবি দক্ষিণে বদলি হওয়া জসিম উদ্দিন চান্দগাঁও থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর তাদের সিএমপির লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছিল।