চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ভাসানচর আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা ৩৭ রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী ও পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে উপজেলার বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।

​আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী এবং ২৩ জন শিশু-কিশোর রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভাসানচর থেকে সমুদ্রপথে পালিয়ে আসার কথা স্বীকার করেছে।

​সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে।

​উপজেলা প্রশাসনের সহায়তায় আটককৃতদের সাময়িকভাবে সন্তোষপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পুনরায় ভাসানচর আশ্রয়কেন্দ্রে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।