বোয়ালখালী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সংবাদকর্মী। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কারখানা অভ্যন্তরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। হামলাকারীরা সাংবাদিকদের মারধরের পাশাপাশি তাদের মোবাইল ফোন ভাঙচুর করে এবং দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখে।
আহত সাংবাদিকরা হলেন— দৈনিক সংবাদের বোয়ালখালী প্রতিনিধি দেবাশীষ বড়ুয়া রাজু (৫৫) এবং দৈনিক পূর্বকোণের প্রতিনিধি পূজন সেন (৩৯)। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সকালে এন মোহাম্মদ প্লাস্টিক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনে সেখানে যান সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু ও পূজন সেন। এসময় হঠাৎ একদল উত্তেজিত শ্রমিক দায়িত্বরত সাংবাদিকদের ওপর চড়াও হয়। তারা সাংবাদিকদের বেধড়ক মারধর করে এবং তথ্য সংগ্রহের সরঞ্জাম ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। একপর্যায়ে তাদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। একই সময়ে ভেতরে থাকা শিল্প পুলিশের এএসআই মিজানও হামলার মুখে পড়েন বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ, শিল্প পুলিশ এবং বোয়ালখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে শ্রমিকরা কারখানার মূল ফটক ভেতর থেকে তালাবদ্ধ করে রাখায় পুলিশ শুরুতে ভেতরে প্রবেশ করতে পারেনি। দীর্ঘ প্রচেষ্টার পর পুলিশ তালা ভেঙে ভেতরে ঢুকে অবরুদ্ধ দুই সাংবাদিক ও শিল্প পুলিশের এএসআইকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ভুক্তভোগী ও পুলিশের বক্তব্য: আহত সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু বলেন, “আমরা শুধু আমাদের পেশাগত কাজ করতে গিয়েছিলাম। কিন্তু কোনো উস্কানি ছাড়াই আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে।”
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, “খবর পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ ও আহত সাংবাদিকদের উদ্ধার করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কারখানার বাইরে সতর্ক অবস্থানে রয়েছে। তবে এ বিষয়ে এখনো মালিকপক্ষ বা শ্রমিক নেতাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।”
শেষ খবর পাওয়া পর্যন্ত, কারখানার ভেতরে শ্রমিকদের উত্তেজনা বিরাজ করছিল এবং মূল ফটক বন্ধ থাকায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সাংবাদিক সমাজ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
