জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে চট্টগ্রামের কুমিরা–গুপ্তছড়া নৌরুটে স্পিডবোট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। আজ সোমবার (৯ মার্চ) দুপুর থেকে এই রুটের প্রধান পরিবহন সংস্থাগুলো তাদের সার্ভিস স্থগিত করায় সন্দ্বীপগামী কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

​ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ও দেশীয় বাজারে সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করে অকটেন ও ডিজেলের সংকট দেখা দিয়েছে। স্পিডবোট পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘আদিল এন্টারপ্রাইজ’ জানিয়েছে, জ্বালানি স্বল্পতার কারণে বর্তমানে বোট চালানো সম্ভব হচ্ছে না। তবে যাত্রীদের যাতায়াত সচল রাখতে বিকল্প হিসেবে সার্ভিস বোট (ট্রলার) চলাচল অব্যাহত রাখা হয়েছে।

​ঘাটের ইজারা সংশ্লিষ্ট গোফরান উদ্দিন জানান, “জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকায় বাধ্য হয়েই সার্ভিস বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত পুনরায় স্পিডবোট চালু করা হবে।” এদিকে ‘মেরিন সার্ভিসেস লিমিটেড’ জানিয়েছে, তাদের বোটগুলো বর্তমানে ডকইয়ার্ডে সংস্কারাধীন থাকায় তাদের সেবাও বন্ধ রয়েছে।

​হঠাৎ করে দ্রুতগতির এই নৌযান বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। সন্দ্বীপ অধিকার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাকিল খান বলেন, “জরুরি প্রয়োজনে যাতায়াতকারী রোগি ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। আমরা দ্রুত জ্বালানি সংকট নিরসন করে স্পিডবোট চালুর দাবি জানাচ্ছি।”

​কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং জ্বালানি প্রাপ্তি সাপেক্ষে দ্রুত সেবা চালুর আশ্বাস দিয়েছেন।