চট্টগ্রামের রাউজানে একটি প্রবাসী পরিবারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২ লাখ ২০ হাজার টাকা, ৫১ ভরি স্বর্ণালংকার এবং ৪টি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে একদল সশস্ত্র ডাকাত। ডাকাতদের হামলায় নারীসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের গোরাছা ফকির পাড়ার হাজী জহির আহমদের বাড়িতে এই লোমহর্ষক ঘটনা ঘটে। আহতরা হলেন— গৃহকর্তা হাজী জহির আহমদ, তার স্ত্রী শামসুন নাহার, পুত্রবধূ রিনা আকতার এবং নাতি কলেজ ছাত্র রাতুল।
ভুক্তভোগী পরিবার জানায়, রাত আনুমানিক ২টার দিকে ৬-৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা প্রথমেই বৃদ্ধ হাজী জহির আহমদকে কম্বল পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে। বাধা দিতে গেলে তার স্ত্রী শামসুন নাহারের মুখে টিস্যু গুঁজে দিয়ে মাথায় ও পিঠে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়।
পরবর্তীতে ডাকাত দল বাড়ির দ্বিতীয় তলায় গিয়ে প্রবাসীর স্ত্রী রিনা আকতারের পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলের মাথায় অস্ত্র ঠেকিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। একপর্যায়ে ডাকাতরা স্প্রে ব্যবহার করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে আলমারিতে থাকা নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটে নেয়। প্রায় ৪০ মিনিট ধরে ঘরে তাণ্ডব চালিয়ে পালানোর সময় প্রতিবেশীরা ধাওয়া দিলেও ডাকাতরা পার্শ্ববর্তী বিল দিয়ে অন্ধকারে মিশে যায়।
আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে শুক্রবার সকালে পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. আকতার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও জড়িত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
