কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের শরীরের ২০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে, যার ফলে তাদের জীবন এখন ঝুঁকিতে।

​প্রত্যক্ষদর্শী ও পাম্প সূত্র জানায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলাতলীস্থ ‘এন আলম এলপিজি গ্যাস পাম্পে’র একটি ট্যাংক থেকে গ্যাস লিকেজ শুরু হয়। প্রাথমিকভাবে পাম্পের কর্মচারীরা বালু ও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে আগুন নিভে গেলেও কিছুক্ষণ পর বিকট শব্দে সেখানে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় পাম্পে কর্মরত ও আশপাশে থাকা অন্তত ১০ জন দগ্ধ হন।

​বিস্ফোরণের পর গুরুতর আহত ৬ জনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ এস খালেদ বলেন, ​”কক্সবাজার থেকে আসা ছয়জন রোগীই বর্তমানে আমাদের বার্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের শরীরের দগ্ধ হওয়ার মাত্রা ২০ থেকে ৯০ শতাংশ। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রত্যেকের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

​উল্লেখ্য, গত সোমবার ভোরে চট্টগ্রামের হালিশহরে একটি ভবনে গ্যাস বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছিলেন, যাদের মধ্যে ইতোমধ্যে ৫ জন প্রাণ হারিয়েছেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কক্সবাজারে এই পাম্প বিস্ফোরণ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে।

​কলাতলী এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, এলপিজি পাম্পগুলোর নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি নির্বাপণ সরঞ্জাম যথাযথ আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।