ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম শহরে নেওয়া হচ্ছে।

দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ব্যবসায়িক কাজে কুমিল্লায় গিয়েছিলেন সংসদ সদস্য নুরুল আমিন। কাজ শেষে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়িকে রক্ষা করতে গিয়ে তার বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (আইল্যান্ড) সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথা, মুখ ও কোমরে আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তাকে উদ্ধার করে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে (কমফোর্ট হাসপাতাল) নিয়ে যান। হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, বেলা পৌনে ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন।

​বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী জানান, প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।