চট্টগ্রামকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পতেঙ্গা সমুদ্র সৈকত ও বিমানবন্দর সংলগ্ন সড়কে চট্টগ্রামের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

​বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিমানবন্দর এলাকায় চলমান সড়ক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এই পরিকল্পনার কথা জানান। মেয়র বলেন, প্রকল্পের আওতায় রাস্তার মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড, দুইপাশে দৃষ্টিনন্দন ফুটপাত এবং একপাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়েসহ বিশেষ সাইকেল ট্র্যাক নির্মাণ করা হবে।

​​পরিদর্শনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে মহাপরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে উন্নত অবকাঠামো এবং আন্তর্জাতিক মানের যোগাযোগব্যবস্থা অপরিহার্য। সেই লক্ষ্যেই বিমানবন্দর ও পতেঙ্গা সৈকত এলাকাকে আধুনিকায়নের আওতায় আনা হয়েছে।”

​মেয়র উল্লেখ করেন যে, উন্নত বিশ্বের বড় বড় শহরে সাইকেল লেন নগর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। পতেঙ্গা ও বিমানবন্দর সড়কে এই ট্র্যাক নির্মিত হলে ​পর্যটকরা স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে সমুদ্রতীর ঘুরে দেখতে পারবেন, যানজট ও বায়ুদূষণ হ্রাস পাবে, নাগরিকরা স্বাস্থ্য সচেতন জীবনযাপনে উৎসাহিত হবেন।

​প্রকল্প এলাকা পরিদর্শনকালে মেয়র সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার কঠোর নির্দেশ দেন। এছাড়া নির্মাণ চলাকালীন জনভোগান্তি যাতে সর্বনিম্ন পর্যায়ে থাকে, সেদিকে বিশেষ নজর রাখার পরামর্শ দেন তিনি।

​পরিদর্শনকালে চসিকের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, যুবদল নেতা মোহাম্মদ মুছাসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।