নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবির অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয় দেওয়া ওই ব্যক্তির নাম মো. ফখরুদ্দিন (৩৫)।

​শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকা থেকে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফখরুদ্দিন চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বেনজিরি গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।

​সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ছমদর পাড়া এলাকায় এক ব্যক্তির সন্দেহভাজন ঘোরাফেরার খবর পেয়ে সাতকানিয়া আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার নাজিরের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালায়। আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফখরুদ্দিন নিজেকে বিজিবির অবসরপ্রাপ্ত সৈনিক দাবি করেন। তবে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, ভুয়া এনএসআই কর্মকর্তা সেজে তিনি সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি করেছিলেন।

​অভিযুক্তের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ​সেনাবাহিনীর লোগো সম্বলিত একটি মোটরসাইকেল।
​একটি আর্মি মানিব্যাগ ও ভিআইপি ক্যাপ, ​বিভিন্ন র‍্যাংকের ৪টি ছবি ও সেনাবাহিনীর ছুটির সনদ, ​ব্লুটুথ হেডফোন, বিভিন্ন কোম্পানির কার্ড এবং নগদ টাকা।

​সাতকানিয়া আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, অভিযুক্ত ব্যক্তি এনএসআই পরিচয় ব্যবহার করে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজির চেষ্টা করছিলেন। আটকের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।