র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই মাদক উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেফতার, সন্ত্রাসী ও জঙ্গি দমন, চাঁদাবাজি প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

গত ৫ আগস্ট ২০২৪ থেকে অদ্যবধি র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ সময়ের মধ্যে র‌্যাব-৯ মোট ৩০টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলি ও ২০টি এয়ারগান উদ্ধার করেছে। এসব অভিযানের ফলে সিলেট বিভাগীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে। গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানাধীন রামরাইল ইউনিয়নের সেন্দ এলাকায় সেন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে পাইপগান লুকিয়ে রাখা হয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের কার্নিশের ওপর রক্ষিত একটি সাদা রঙের শপিং ব্যাগের ভেতর থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি।

র‌্যাব-৯ সূত্র জানায়, উদ্ধারকৃত পাইপগান দুটি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ২টি পাইপগান জিডিমূলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।