র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে যাত্রার শুরু থেকেই মাদক উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেফতার, সন্ত্রাসী, চাঁদাবাজ ও জঙ্গি দমনসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনসাধারণের জন্য নিরাপদ ও বাসযোগ্য সমাজ গঠনে র্যাবের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন কায়েমপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। গত ২০ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী ওই এলাকায় অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
র্যাব সদস্যরা রাত আনুমানিক ৮টা ০৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার হেফাজতে গাঁজা রয়েছে বলে স্বীকার করে।
পরবর্তীতে তার বসতঘরের পূর্ব পাশে বাথরুমের ছাদের ওপর তল্লাশি চালিয়ে ১০টি বান্ডিলে মোড়ানো ২০.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজাগুলো নীল পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের স্কচ টেপ দ্বারা প্যাকেটজাত ছিল।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ মালেক মিয়া (৪০), পিতা—আব্দুল কাদের, সাং—জগন্নাথপুর, থানা—কসবা, জেলা—ব্রাহ্মণবাড়িয়া।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রেখেছিল বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
