সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

এরপর শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে কাজিপুর শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পৌরসভা, কাজিপুর থানা, উপজেলা স্বাস্থ্য বিভাগ, দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম, সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কাজিপুরের অধ্যক্ষ নাসির উদ্দিন, কাজিপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গাজী আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা গাজী ইউনুস আলী ও আব্দুর রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেল, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা তালুকদার, ওসি (তদন্ত) আবু সাইদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সুশীল সমাজ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেলে ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ ও মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা।