রাজধানীর বিজয়নগর এলাকার ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করার ঘটনার পর জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
এঘটনায় জড়িত পলাতক আসামীরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সেই লক্ষ্যেই পাঁচবিবি সীমান্তের বিভিন্ন পয়েন্টে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার নাকরগাছী এলাকার পাঁচবিবি- হিলি পাকা সড়কে বিজিবি চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অব্যাহত রয়েছে। একই সঙ্গে থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও দেখা গেছে।
জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ লতিফুল বারী জানান, বিজিবি’র মহাপরিচালকের নির্দেশে দেশ ও জনগণের জীবনযাত্রার মান স্বভাবিক রাখতে আমরা সীমান্তের বিভিন্ন পয়েন্টে ও জনগুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছি। গতকাল শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা কিলার যাতে ভারতে পালাতে না পারে এজন্য সর্তকাবস্থায় আছে বিজিবি।
