চট্টগ্রাম জেলার মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীদের মধ্যে জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে সৃষ্ট এক রক্তক্ষয়ী সংঘর্ষে তাহমিদ খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তাহমিদ খান বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. আলমগীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় বুধবার বিকেলে বারইয়ারহাট পৌর বাজারের একটি দোকানে। হিঙ্গুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জুবায়ের সেখানে পায়ের উপর পা তুলে বসেছিলেন। সে সময় বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন ঘটনাস্থলে এলে জুবায়ের পা নামিয়ে না বসায় লিটন তাকে লাথি মারেন। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়, যদিও পরে তারা সেখান থেকে চলে যান।
প্রাথমিক ঝামেলার পর লিটন ও জুবায়ের নিজ নিজ এলাকা—জামালপুর ও হিঙ্গুলী—থেকে লোকজনকে জড়ো করে। এর জের ধরে পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তাহমিদ খান, রায়হান, মোহন দে, আবির, মোজাম্মেলসহ অন্তত ৮ থেকে ১০ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
বারইয়ারহাট পৌরসভার ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহন দে জানান, বিকেলে লিটন ও জুবায়েরের ঝামেলার বিষয়টি মীমাংসার জন্য তারা কয়েকজন মিলে ট্রাফিক মোড়ে গিয়েছিলেন। সেখানে কথা বলার এক পর্যায়ে লিটনের জামালপুর এলাকার লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালায়।
তিনি আরও জানান, তাহমিদ তাদের এলাকার হওয়ায় তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করা হয়। কখন এবং কীভাবে তাহমিদ সেখানে পৌঁছান, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
আহত তাহমিদকে প্রথমে বারইয়ারহাট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তরিত করা হয়। চমেক-এ চিকিৎসাধীন অবস্থায় বুধবার মধ্যরাতে তিনি মারা যান।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিএনপির একই গ্রুপের দুটি পক্ষের মধ্যে জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বের কারণে সৃষ্ট সংঘর্ষে তাহমিদ নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ চমেক হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।”
