“আত্নকর্মসংস্থান গড়তে মুরগী পালি, দারিদ্র্য মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।” এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলার চরাঞ্চলের ৮ টি ইউনিয়নের ৩৩২ টি পরিবারের ৪৯৮০টি মোরগ ও মুরগী বিতরণ করা হয়েছে।

১০ ডিসেম্বর কাজিপুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিকল্পনায় ‘উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসস্পদ উন্নয়ন প্রকল্পে’র আওতায় প্রতিটি পরিবারের মাঝে ২ টি মোরগ ও ১৩ টি মুরগীর বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বিতরণ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিসার একেএম আনোয়ারুল হক।

অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।

স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার হাসান মাহমুদুল হক সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান জানান, উক্ত উদ্যোগ গ্রহন করার ফলে বদলে যাবে কর্মহীনদের জীবন মান। ইতিপূর্বে সুফলভোগীদের মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং মুরগী পালন বিষয়ক ম্যানুয়াল প্রদান করা হয়েছে।পরবর্তীতে প্রত্যেক সুফলভোগীকে অত্র প্রকল্প থেকে মুরগী ঘর বিতরণ করা হয়েছে।