কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানায় ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আজিম উদ্দিন। যোগদানের পর তিনি থানার ফেসবুক পেজে লিখে নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানিয়েছেন।
ফেসবুক পোস্টে নবাগত ওসি মোঃ আজিম উদ্দিন লিখেছেন, “প্রিয় ভূরুঙ্গামারী থানার সম্মানিত নাগরিকবৃন্দ, আমি নবাগত অফিসার ইনচার্জ হিসেবে এখানে যোগদান করেছি। এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়—বরং মানুষের নিরাপত্তা, শান্তি ও আস্থার প্রতি গভীর অঙ্গীকার। থানায় আসতে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। দিনরাত ২৪ ঘণ্টা আমরা সেবায় নিয়োজিত। আপনারা আমাদের সহযোগিতা করলে পুলিশিং কার্যক্রম আরও সহজ হবে।”
তিনি আরও জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি থানা এলাকায় মাদক, জুয়া ও সন্ত্রাসসহ সকল অপরাধ দমনেও কঠোর অবস্থানে থাকবেন।
ওসি সকল নাগরিককে আহ্বান জানিয়েছেন, একসাথে মিলেমিশে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সেবামূলক ভূরুঙ্গামারী গড়ে তোলার জন্য সহযোগিতা করবেন।
