লিবিয়ার মিসরাতা শহর থেকে আরও ১৭২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুধবার (২৮ অক্টোবর) তাঁদের প্রত্যাবাসন করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল আনুমানিক ৬টায় বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রত্যাবাসিত ব্যক্তিদের মধ্যে ১৮ জন শারীরিকভাবে অসুস্থ।
লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ মিসরাতা শহরে প্রত্যাবাসিত বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন। দেশে ফেরার আগে আয়োজিত ব্রিফিংয়ে তিনি অনিয়মিত অভিবাসনের ঝুঁকি এবং এর শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক ও সামাজিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে তাঁদের সচেতন করেন।
রাষ্ট্রদূত জানান, বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে দূতাবাস নিরলসভাবে কাজ করছে। দেশে ফিরে আত্মবিশ্বাসের সঙ্গে নতুন জীবন শুরু করার পাশাপাশি ভবিষ্যতে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বৈধ পথ অনুসরণের আহ্বান জানান তিনি।
এ সময় মানবপাচারকারী ও দালাল চক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি এসব চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা এবং অনিয়মিত অভিবাসনের ভয়াবহ পরিণতি সম্পর্কে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।
কর্তৃপক্ষের মতে, বিদেশে কর্মসংস্থানের আশায় অনিয়মিত পথে পাড়ি দিতে গিয়ে অনেক বাংলাদেশি ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়ছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।

মন্তব্য করুন