চট্রগ্রাম নগরীর বিভিন্ন থানায় ২৭টি মামলা এবং দুটি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েও বীরদর্পে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন সাইফুল ইসলাম ওরফে ‘বার্মা সাইফুল’। শুধু তাই নয়, রহস্যজনক কারণে পুলিশ তাকে গ্রেপ্তার না করায় তার বাহিনী এখন আরও বেপরোয়া।
সবশেষ, দাবিকৃত চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর এস্কেভেটর (খননযন্ত্র) ছিনতাইয়ের অভিযোগে সাইফুল, তার দুই ভাই, এবং প্রধান সহযোগীসহ মোট নয়জনের বিরুদ্ধে খুলশী থানায় নতুন করে মামলা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. হাছান জানান, তিনি নয় লাখ টাকায় একটি এস্কেভেটর কেনার পর থেকেই সাইফুল ও তার সহযোগীরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। এলাকায় গাড়ি দিয়ে ব্যবসা করতে হলে এই টাকা দিতে হবে বলে তারা চাপ দেয়।
হাছান আরও জানান, ১৮ নভেম্বর জঙ্গল সলিমপুর মসজিদের সামনে সাইফুল ও তার সহযোগীরা তাকে থামিয়ে এবার সরাসরি চার লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে গাড়ি নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। এরপরই ১৯ নভেম্বর দিবাগত রাতে পলিটেকনিক্যাল এলাকার গ্যারেজ থেকে চট্টমেট্রো ১১-৪৬২৭ নম্বরের একটি লোভেটে করে এস্কেভেটরটি ছিনিয়ে নেয় সাইফুল ও তার বাহিনী।
মামলার বাদী হাছান বলেন, “ঘটনার পর সাইফুলের সাথে যোগাযোগ করলে সে জানায়—দাবিকৃত চাঁদার টাকা না দিলে এস্কেভেটর ফেরত দেবে না।”
ঘটনার পর খুলশী থানায় বার্মা সাইফুল, তার ভাই ফাহিম ও শাহিন, এবং ১২ মামলার আসামি মো. শামসুসহ সাত সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেন হাছান।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, মামলা দায়েরের পরই পতেঙ্গা এলাকা থেকে এস্কেভেটরটি উদ্ধার করা হয়েছে। তবে তিনি দাবি করেন, “মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, কিন্তু এখনো তাদের খুঁজে পাওয়া যায়নি।”
অথচ, পুলিশ ‘না পাওয়ার’ কথা বললেও, গত সোমবার অক্সিজেন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সাইফুল ও তার সহযোগীদের প্রকাশ্যে কম্বল বিতরণ করতে দেখা গেছে।
এদিকে, ব্যবসায়ী হাছান অভিযোগ করেছেন, মামলা দায়েরের পর থেকে সাইফুল ও তার অনুসারীরা তাকে মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত হুমকি দিচ্ছে। তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় লোকজনের অভিযোগ, একের পর এক মামলা হলেও সাইফুল ও তার সহযোগীরা দিব্যি প্রকাশ্যে ঘুরছে। নানা অপরাধ কর্মকাণ্ডের কারণে তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলেও, তিনি এখনো দলের নাম ভাঙিয়ে অপকর্ম করছেন। পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তারে কোনো ধরনের আগ্রহ দেখা যাচ্ছে না।
জানা যায়, সাইফুল একসময় জাতীয়তাবাদী ছাত্রদলের নগর শাখার সহ-সাধারণ সম্পাদক ছিল। তার বড় ভাই সবুজের বিরুদ্ধে ৩৩টি, সাইফুলের বিরুদ্ধে ২৭টি ও ছোট ভাই ফাহিমের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। গত বছরের ১২ অক্টোবর পুলিশ সদস্যকে আহত করা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায়ও সাইফুল ও তার ভাই সবুজ এজাহারভুক্ত আসামি ছিল।
