সিরাজগঞ্জের কাজিপুরে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত ওই স্কুল শিক্ষকের নাম তৌহিদুল ইসলাম সম্রাট (৩১)। তিনি উপজেলার ভানুডাঙ্গা গ্রামের শাজাহান আলীর পুত্র এবং হাটশিরা লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের গণিতের সহকারী শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , একটি কাজে মঙ্গলবার দিবাগত রাত নয়টায় নিজ বাড়ি থেকে উপজেলার আলমপুর চৌরাস্তায় মোটরসাইকেল চালিয়ে যান শিক্ষক তৌহিদুল ইসলাম সম্রাট। এরপর আলমপুর চৌরাস্তা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে তার উপরে বসেছিলেন।
এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা (সিরাজগঞ্জ-থ-১১-০৭০০) তাকে পিছন থেকে সজোরে থাক্কা দিয়ে সিরাজগঞ্জের দিকে চলে যায়। এতে সম্রাট রাস্তার উপর পড়ে গিয়ে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয়রা কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
পরে স্বজনেরা খবর পেয়ে আহত তৌহিদুল ইসলাম সম্রাটকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বুধবার বিকেলে কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, ওই সিএনজি চালকের নাম ফারুক শেখ (৪১)। তিনি সদর থানার বনবাড়িয়া দিঘলকান্দি গ্রামের মৃত সানাউল্লাহ শেখের পুত্র। নিহতের পরিবার এখনো মামলা করেনি। সিএনজি চালককে আটকের চেষ্টা চলছে।
