বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-কে ইজারা দেওয়ার কথিত পাঁয়তারার প্রতিবাদে এবং লালদিয়া ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি বাতিলের দাবিতে বুধবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম বন্দর অচল করে তিন ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

​সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে বন্দরের প্রবেশমুখে শত শত শ্রমিক-কর্মচারী অবস্থান নেন। ফলে কার্যত স্থবির হয়ে পড়ে দেশের প্রধান এই সমুদ্র বন্দরের কার্যক্রম। ​বিক্ষোভকারীরা নগরীর বড়পোল, ইসহাক ডিপো সংলগ্ন টোল প্লাজা এবং সল্টগোলা ক্রসিংয়ের সীম্যান্স হোস্টেলের সামনে অবস্থান নেন। তাদের স্লোগান ছিল—’জীবন থাকতে বন্দর বিদেশিদের দিতে দেব না!’

​স্কপের নেতারা বলছেন, এনসিটি একটি স্বয়ংসম্পূর্ণ ও লাভজনক স্থাপনা, এটিকে বিদেশি হাতে তুলে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। আন্দোলনকারীদের একজন বক্তা বলেন, “বন্দর আমাদের লাইফ লাইন। এনসিটি স্বয়ংসম্পূর্ণ লাভজনক স্থাপনা। জীবন থাকতে বন্দর বিদেশিদের দিতে দেব না। ধারাবাহিক আন্দোলন করছে স্কপ। প্রয়োজনে হরতাল দেওয়া হবে।”

​বক্তারা সরকারের এই পদক্ষেপের সমালোচনা করে বলেন, “এ সরকারের বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরের স্থাপনা ইজারা দেওয়ার চুক্তি করার অধিকার নেই। সরকারের কাজ নির্বাচন। দ্রুত নির্বাচন দিন।”

​স্কপ মূলত সরকারের নেওয়া সাম্প্রতিক দুটি চুক্তির প্রেক্ষিতে এই আন্দোলন জোরদার করেছে।  চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের এপিএম টার্মিনালস-এর সঙ্গে ৩৩ বছরের (১৫ বছর বাড়ানোর সুযোগ সহ) চুক্তি করা হয়।

​একই দিনে কেরাণীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল ২২ বছর মেয়াদে পরিচালনার জন্য সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়।

​এর পাশাপাশি, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক স্থাপনাগুলোর একটি, নিউমুরিং কনটেইনার টার্মিনালও (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত সরকারের আছে বলে শ্রমিকরা আশঙ্কা করছেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আজকের অবরোধ। স্কপ হুঁশিয়ারি দিয়েছে, ইজারা প্রক্রিয়া বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।