কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকা থেকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ২৮ জন ব্যক্তিকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। মানব পাচারকারী চক্রের একটি বড় পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

​কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বিদেশে উন্নত জীবন ও চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের এবং রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বিপুল সংখ্যক মানুষের একটি দল টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট সংলগ্ন বিচ এলাকায় অবস্থান করছে বলে গোপন সংবাদ আসে।

​এই তথ্যের ভিত্তিতে, মঙ্গলবার (২৫ নভেম্বর) গভীর রাত ১টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া ও পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বিচ এলাকা থেকে মালয়েশিয়ায় পাচারের জন্য অপেক্ষারত ২৮ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

​উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র তাদের অল্প খরচে বিদেশ যাত্রা, উচ্চ বেতনের চাকরি এবং উন্নত জীবনযাপনের স্বপ্ন দেখিয়ে ফাঁদে ফেলেছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের জড়ো করে সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল তারা।

​তবে, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ কারণে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

​কোস্ট গার্ডের কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, মানব পাচারকারীদের আটকের জন্য কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরালোভাবে চলমান রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্র সীমায় মানব পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।