চট্টগ্রামের রাউজানে পৃথক অভিযানে অস্ত্র, গুলি, ইয়াবা এবং নগদ অর্থসহ আবু সাইদ ওরফে রিপন (৩৭) নামে এক শীর্ষ অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাউজানসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাউজান থানা পুলিশ রবিবার (২৩ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানায়, শনিবার সুলতানপুর সরকারপাড়া এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার দেহ তল্লাশি করে ৫ রাউন্ড পিস্তলের গুলি, ২০ পিস ইয়াবা এবং নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে রিপনের স্বীকারোক্তির ভিত্তিতে একই এলাকার খাজা গরিবে নেওয়াজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পেছনের কালুর গরুর ফার্ম থেকে কাঠের বাটযুক্ত একটি দেশীয় তৈরি এলজি এবং শটগানের ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

ওসি মনিরুল ইসলাম জানান, এর আগে ২০ নভেম্বর ভোরে রিপনের বাড়িতে অভিযান চালিয়ে আরও একটি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, একটি ধারালো কিরিচ ও একটি তলোয়ার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন রাউজান পৌরসভার সুলতানপুর ৪ নম্বর ওয়ার্ডের জানালীহাট এলাকার শওকত আকবর চৌধুরী ওরফে জুনুর ছেলে।

২০ নভেম্বরের ঘটনায় ইতোমধ্যে একটি অস্ত্র মামলা রুজু হয়েছে। শনিবারের অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের ঘটনায় রিপনের বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়েছে। ফলে তার মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১৫টিরও বেশি।