জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও ইউকে উপদেষ্টা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ–বালাগঞ্জ) আসন থেকে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন।
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকার সন্তান ব্যারিস্টার জুনেদ জানান, যদি এনসিপি তাকে মনোনয়ন প্রদান করে, তবে তিনি দলীয় প্রতীক শাপলা-কলি নিয়ে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।
এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তবে সিলেট-৩ আসনে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, যুব কর্মসংস্থান ও প্রবাসী সেবা খাতে ব্যাপক উন্নয়ন সাধন করবো। এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যাগুলো সমাধান করাই হবে আমার প্রথম কাজ।”
তিনি আরও যোগ করেন, “রাজনীতি আমার কাছে দায়িত্ব ও সেবার জায়গা। এনসিপির ভাবমূর্তি উজ্জ্বল করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য।”
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যারিস্টার জুনেদের এই ঘোষণা নতুন আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনী এলাকার সাধারণ মানুষ তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন।
