স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছে । রোববার (৩১ আগস্ট) সকালে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং করবে। তাদের প্রতিহত করতে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, জাতির বৃহত্তর স্বার্থে সেই ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যে ফাটল ধরলে দোসররা নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সুষ্ঠ নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীদের প্রয়োজনীয় সবরকম প্রস্তুতি রয়েছে। তবে এ জন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা একান্ত জরুরী। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।
আজ রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, দেশের সমসাময়িক পরিস্থিতি এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করবেন, বিষয়টি গতকাল শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, রোববার কিছু রাজনৈতিক দলের সঙ্গে চিফ অ্যাডভাইজার (প্রধান উপদেষ্টা) বসবেন। বিকেল ৩টার সময় বিএনপির সঙ্গে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে; সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে।
প্রধান উপদেষ্টার নেতৃত্বে গতকাল যমুনায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়ে প্রেস সচিব বলেন, বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।
