আজ শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে এমন মন্তব্য করেছেন।

আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের ঘরে ফেরার আর কোনো পথ খোলা নেই। সুষ্ঠ নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয়, এর দায় নির্বাচনী কর্মকর্তাদেরও বহন করতে হবে। আমাদের জীবন মৃত্যু ঝুঁকির মুখে পড়তে পারে, তবুও নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারসাজি মেনে নেয়া হবে না।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সামনে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তার মতে, সব ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। তিনি নির্বাচন কমিশন এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, এ নির্বাচনে প্রত্যাশার চেয়েও বেশি ভোটার অংশ নিতে পারেন। প্রবাসীরাও উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন বলে জানান তিনি।

অন্য কমিশনাররা বলেন, এবারের নির্বাচনে অনিয়ম বা অব্যবস্থাপনার কোনো সুযোগ নেই, পাশাপাশি তারা মিতব্যয়ীভাবে নির্বাচন আয়োজনের পরামর্শ দেন।