আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজশাহী-২ (সদর) আসনে এমপি প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলটির রাজশাহীর মহানগরীর নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে জামায়াতের রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ইসলামী ছাত্রশিবিরের মহানগরের সভাপতি ছিলেন। বর্তমানে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমিরের দায়িত্ব পালনের পাশাপাশি একটি বেসরকারি হাসপাতালে এনেসথেসিয়ার চিকিৎসক হিসেবে সুখ্যাতির সাথে চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছেন তিনি।

চলতি বছরের ফেব্রæয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজশাহীর পাঁচটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে জামায়াতে ইসলামী। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর মজলিশে শুরার অধিবেশনে ৫টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। জামায়াতের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম এই প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন।

রাজশাহীতে ৯টি উপজেলা, সিটি করপোরেশনসহ মোট ৬টি সংসদীয় আসন। রাজশাহীর ৯ উপজেলা নিয়ে গঠিত ৫টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও সদর আসনে প্রার্থী দিয়েছিল না সংগঠনটি। তবে বুধবার (৯ জুলাই) দুপুরে পার্লামেন্টারি বোর্ড মিটিংয়ে রাজশাহী-২ সদর আসনের প্রার্থী হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীরের নাম ঘোষণা করা হয়।