খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর আজ শুক্রবার (২০ জুন) রাত ৯টার দিকে ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান। তার ছাত্র ও আলোকচিত্রী সাহাদাত পারভেজ এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, চার দিন আগে হার্ট অ্যাটাক হলে চঞ্চল মাহমুদ ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত সাতবার হার্ট অ্যাটাক হয়েছিল তার।

আগামীকাল শনিবার (২১ জুন) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

চঞ্চল মাহমুদ বাংলাদেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতে এক অন্যতম নাম। প্রায় সাড়ে চার দশক ধরে তিনি আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন। তিনি ‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে একটি প্রশিক্ষণকেন্দ্র পরিচালনা করতেন এবং তার ছবির একাধিক প্রদর্শনী হয়েছে। বাংলাদেশের অসংখ্য মডেল ও অভিনেতা তার ছবির মধ্য দিয়ে পরিচিতি পেয়েছেন।

কিছুদিন আগে চঞ্চল মাহমুদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার হৃদ্‌রোগ, কিডনি সমস্যা এবং অন্যান্য শারীরিক জটিলতা ছিল। চঞ্চল মাহমুদের মৃত্যুতে বাংলাদেশের আলোকচিত্র এবং সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।