নারায়ণগঞ্জের ফতুল্লায় জুটের গোডাউন ও ছাপাখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুর হযরত শাহের মাজারসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টায় হঠাৎ হৃদয় আহমেদের জুটের গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। টের পেয়ে আশপাশের লোকজন গোডাউনের চারপাশ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে জুটের গোডাউনের আগুন পাশে এমরান মিয়ার গেঞ্জির ছাপাখানায় ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
আরো পড়ুন: কুমিল্লার বুড়িচংয়ে তিন যুবকের খণ্ডিত লাশ উদ্ধার
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
