আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ দলের সফরে আসার কথা। সেই সিরিজের জন্য ভেন্যু ঠিক করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে এখনও শঙ্কা আছে প্রোটিয়াদের বাংলাদেশ সফর নিয়ে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে দেশটির ক্রিকেট বোর্ড।
এর আগে একই কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারেনি বাংলাদেশ। বাতিল হয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফরও।
বিসিবি সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ২১ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট।
ভেন্যু হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ৩ নভেম্বর বাংলাদেশ ছেড়ে যাওয়ার কথা তাদের।শেষ বার দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে এসেছিল ২০১৫ সালে।
সে বার বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হারলেও ২-১ ব্যবধানে জিতেছিল ওয়ানডে সিরিজ। ড্র হয়েছিল দুই ম্যাচর টেস্টে সিরিজ।
