কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ওঠা ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার টাকা বন্যাকবলিত মানুষের জন্য দান করা হয়েছে বলা তথ্যটি গুজব। পাগলা মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ তথ্য সঠিক নয়। মসজিদ পরিচালনা কমিটি আদৌ এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। মূলত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও সারজিস আলমের নামে খোলা ফেসবুক পেজ থেকে এমন দাবি করা হয়।

আজ শনিবার (২৪ আগস্ট) ওই ফেসবুক পেজ দুটি থেকে এ বিষয়ে পোস্ট করা হয়।

নাহিদ ইসলাম (Nahid Islam) নামের পেজে আজ দুপুর সাড়ে ১২টায় লেখা হয়, ‘কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সের ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার টাকা বন্যাকবলিত মানুষের জন্য দান করেছেন মসজিদ কমিটি। আলমাহদুলিল্লাহ। ’