অপহৃত জাহাজ দিয়েই বাংলাদেশি জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’ অপহরণ করেছে সোমালিয়ার জলদস্যুরা। গত গত বছরের ডিসেম্বরে মাল্টার একটি জাহাজকে অপহরণ করেছিল তারা। সেই জাহাজ দিয়েই অন্য জাহাজ অপহরণ করছে সোমালিয়ার জলদস্যুরা। আর অপহরণের শিকার ‘এমভি আব্দুল্লাহ’র পিছু নেওয়ায় ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তারা।
ভারতীয় নৌবাহিনীর সূত্র উল্লেখ করে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ২০২৩ সালের ১৪ ডিসেম্বর ‘এক্স-এমভি রুয়েন’ নামের মাল্টার একটি পণ্যবাহী জাহাজকে সোমালিয়ার উপকূলের কাছ থেকে অপহরণ করেছিল দেশটির জলদস্যুরা। সেই জাহাজটিকে কাজে লাগিয়েই ওই সমুদ্রপথে বেশ কয়েকটি পণ্যবাহী জাহাজকে অপহরণের চেষ্টা করে তারা। ওই জাহাজটি নিয়েই বাংলাদেশের জাহাজকে অপহরণের চেষ্টা করে সোমালিয়ার জলদস্যুরা। ওই জাহাজ থেকে আপৎকালীন বার্তা পেয়েই ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ উদ্ধারকাজে যায়।
ভারতীয় নৌবাহিনীর জাহাজ দেখেই জলদস্যুরা পালানোর চেষ্টা করে। নৌবাহিনীর জাহাজ ওই জাহাজটির পিছু নেয়। নৌবাহিনীর একটি হেলিকপ্টারও জাহাজটির দিকে এগিয়ে যায়। তখনই জলদস্যুরা ভারতীয় নৌবাহিনীর জাহাজ এবং হেলিকপ্টারটিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।
এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। তাদের সঙ্গে সোমালিয়ার জলদস্যুদের গুলি বিনিময় হয়। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে জলদস্যুদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তারা আত্মসমর্পণ করেনি।
