আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোটারদের উপস্থিতি প্রমাণ করে বিএনপি আন্দোলনে পরাজিত হয়েছে। তাদের ভোট বর্জন এটাই প্রমাণ করছে ভোটাররা তাদেরকে বর্জন করছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে নিজ উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উদয়ন প্রি একাডেমীতে ভোট দিয়ে এক প্রেস বিফ্রিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বিএনপিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ভোটারদের ভোট বর্জন করতে তারা অনুরোধ করেছে। কিন্তু যারা ভোট বর্জন করতে আহ্বান করেছিল, ভোটাররা তাদেরই বর্জন করেছে।
তিনি বলেন, ভোটের পরিবেশ একেবারে শান্তিপূর্ণ। ভোটে শান্তিপূর্ণ পরিস্থিতি, ভোটারদের স্বতঃফূর্ত সমর্থন প্রমাণ করে যারা ভোট বর্জন করে নাশকতার আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত হলো।
কাদের বলেন, গণতন্ত্রের স্থান হচ্ছে নির্বাচন। সেখানে প্রতিযোগিতা হচ্ছে নির্বাচনের স্বার্থকতা। যারা বলছে নির্বাচন অংশগ্রহণ মূলক হচ্ছে না তাদের ধারণা ভুল প্রমাণিত হলো। বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায় না। এটা আবারও বাংলাদেশে প্রমাণিত।
এসময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বসুর হাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিম কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান উপস্থিত ছিলেন।
