ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান অভিযানে যদি শিশু-নারী ও বেসামরিক লোকজনের হতাহত হওয়া নিয়ন্ত্রণ আনা না যায়, তবে এ যুদ্ধে হামাসের বিরুদ্ধে জয় পেলেও কৌশলগতভাবে ইসরাইল পরাজিত হবে। খবর আনাদোলু এজেন্সির।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ সতর্কবার্তা দিয়েছেন। রোববার পশ্চিমাঞ্চলীয় শহর ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালি শহরে মার্কিন সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অস্টিন। সেখানে তিনি বলেন, গাজা উপত্যকায় বর্তমানে যে যুদ্ধ চলছে…তাতে বর্তমানে সেখানে গুরুত্বের একদম কেন্দ্রে অবস্থান করছে উপত্যকার সাধারণ বেসামরিক লোকজন। ইসরাইলের অভিযানের কারণে হামাসের ওপর যদি তাদের নতুন করে আস্থা বাড়তে শুরু করে— সেক্ষেত্রে হামাসের বিরুদ্ধে জয়ী হলেও কৌশলগতভাবে পরাজিত হবে ইসরাইলি বাহিনী।

তিনি আরো বলেন, ইসরাইলে ক্ষমতাসীন নেতাদের আমি আগেও বলেছি, আবারও পরিষ্কারভাবে বলছি— গাজার বেসামরিক লোকজনকে রক্ষায় অবশ্যই সর্বোচ্চ যত্নবান হতে হবে এবং উপত্যকায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশে কোনো বাধা দেওয়া যাবে না।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরাইলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বিমান বাহিনী। পরে ১৬ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনী।

ইসরাইলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ১০ হাজারেরও বেশি। এছাড়া আহত হয়েছেন প্রায় ৪০ হাজার মানুষ।

অন্যদিকে, হামাস যোদ্ধাদের হামলায় ইসরাইলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন ইসরাইলি ও অন্যান্য দেশের নাগরিক।

নিজ বক্তব্যে আল আকসা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের পক্ষে জোর দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রকৃতপক্ষে এ সমাধানই মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে গত দশকের পর দশক ধরে চলা সংঘাত-সহিংসতার অবসান ঘটাতে পারে।