পরিস্থিতি কীভাবেই না বদলে যায়। এক বছর আগে রিয়াল মাদ্রিদের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে কিলিয়ান এমবাপ্পেকে ধরে রেখেছিল পিএসজি। এখন সেই এমবাপ্পেকেই রিয়ালের কাছে বিক্রি করার জন্য যুদ্ধ করতে হচ্ছে ফরাসি চ্যাম্পিয়নদের! চোখের মণি থেকে এমবাপ্পে এখন পিএসজির চোখের বালি! সম্পর্ক এতটাই তিক্ত হয়ে উঠেছে যে, পিএসজির পার্ক দে প্রিন্সেস স্টেডিয়াম থেকে সরিয়ে ফেলা হয়েছে এমবাপ্পের পোস্টার। ক্লাবের নিজস্ব দোকানে ফরাসি ফরোয়ার্ডের জার্সি বিক্রিও বন্ধ।
প্যারিসে পিএসজির কোনো অফিশিয়াল স্টোরে এখন এমবাপ্পের জার্সি পাওয়া যাচ্ছে না। অথচ, পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যাওয়া আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির জার্সি এখনো বিক্রি হচ্ছে! পিএসজি ছাড়তে চাওয়া ব্রাজিলীয় তারকা নেইমারের জার্সিও আছে দোকানে। শুধু জার্সি বা পোস্টার নয়, এমবাপ্পে নিজেও যেন ‘নেই’ হয়ে গেছেন পিএসজিতে। প্রাক-মৌসুম সফরের দল থেকে বাদ পড়ার পর এখন নতুন মৌসুম শুরুর আগে ক্লাবের মূল দলের সঙ্গে অনুশীলন করার সুযোগও পাচ্ছেন না ফ্রান্স অধিনায়ক। বিক্রির তালিকায় নাম ওঠা ব্রাত্যদের সঙ্গে অনুশীলন করতে হচ্ছে তাকে। ফরাসি মিডিয়ার খবর, শনিবার লরিঁয়ের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচের স্কোয়াডেও জায়গা হবে না এমবাপ্পের।
বাধ্য হয়েই এমন কঠোর অবস্থানে যেতে হয়েছে পিএসজিকে। দলের সেরা খেলোয়াড়কে তারা চুক্তি নবায়নের জন্য লোভনীয় প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে এমবাপ্পে জানিয়ে দেন, বর্তমান চুক্তি শেষে আগামী বছর তিনি আনুগত্য বোনাস নিয়ে মুক্ত খেলোয়াড় হিসাবে প্যারিস ছাড়বেন। বিনামূল্যে তাকে হারানোর শঙ্কায় এমবাপ্পেকে বিক্রি করতে মরিয়া হয়ে উঠেছে পিএসজি। কিন্তু আগামী বছর যাকে মুফতে পাওয়া যাবে, তাকে এবার ২৫০ মিলিয়ন ইউরো দিয়ে কেন কিনবে রিয়াল। এমবাপ্পে আবার রিয়াল ছাড়া অন্য কোনো ক্লাবে যেতে রাজি নন। রিয়ালকে মাঠে নামাতেই হয়তো এমবাপ্পেকে প্রচণ্ড চাপে রাখার কৌশল নিয়েছে পিএসজি।
