বর্তমান সময়ে সবাই যখন একটি করে গান প্রকাশ করছে, তখন আজব রেকর্ডস প্রকাশ করল আট গানের অ্যালবাম ‘ইচ্ছে আমার’। মজার বিষয়- ইউটিউবের এই সময়ে এসেও গানগুলো থাকছে সিডির মোড়কে। গতকাল শুক্রবার বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এর মোড়ক উন্মোচন করেন কিংবদন্তি গীতিকবি ও সুরস্রষ্টা প্রিন্স মাহমুদ। কেতন শেখের লেখা ও সুরে গানগুলোর সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার।
অ্যালবামে গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, ফাহমিদা নবী, এলিটা করিম, জয় শাহরিয়ার, কোনাল, রন্টি, অবন্তী সিঁথি ও রেহান রাসুল। অ্যালবামটি ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি সিডি আকারেও প্রকাশ করা হয়।
এ প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বলেন, ‘খুব ভালো লাগলো একটি পুরো অ্যালবামের আয়োজন দেখে। একসাথে আটজন শিল্পীর গান শোনার আনন্দই আলাদা। আমি এই অ্যালবামের সাফল্য কামনা করি।’
জয় শাহরিয়ার বলেন, ‘সিডি বাজিয়ে গান শোনার চল এখন নেই। কিন্তু শহরে কিছু কালেক্টর আছেন, যারা সিডি বা ক্যাসেট সংগ্রহ করেন। তাদের জন্যই সিডিতে অ্যালবাম প্রকাশের আয়োজন। দেশ-বিদেশের সব স্ট্রিমিং প্ল্যাটফর্মেও অ্যালবামটি শোনা যাবে।’
‘ইচ্ছে আমার’ নিয়ে কেতন শেখ বলেন, ‘আমার কথা ও সুরে এটাই প্রথম মিশ্র অ্যালবাম। আশা করি, আমাদের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’
