শ্রীলংকায় আজ থেকে মাঠে গড়াচ্ছে ইমার্জিং টিমস এশিয়া কাপের পঞ্চম আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল। সাইফ হাসানদের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলংকা ‘এ’ দল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি।

আট দলের টুর্নামেন্টে গ্রুপ ‘এ’ তে বাংলাদেশ। এই গ্রুপে থাকা বাকি দলগুলো হলোÑ আফগানিস্তান, ওমান ও শ্রীলংকা। গ্রুপ পর্বে ১৫ ও ১৮ জুলাই ওমান ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে শেষ দুই ম্যাচ খেলবে সবশেষ ২০১৯ আসরের রানার্সআপ বাংলাদেশ।

এবারের আসরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাইফ হাসান। তার ডেপুটি হিসেবে থাকছেন জাকির হাসান। ইমার্জিং এশিয়া কাপের দলে রাখা হয়েছে সৌম্য সরকারকে। নিজেকে প্রমাণ

করার একটা সুযোগ পেয়েছেন এই বাঁহাতি। ইমার্জিং টিমসের হয়ে পারফরম করতে পারলে জাতীয় দলে আবার ডাক পেতে পারেন সৌম্য; থাকতে পারেন এশিয়া কাপের দলে।

বাংলাদেশ দল : সাইফ হাসান (অধিনায়ক) পারভেজ হোসেন ইমন, তানজীদ হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান (সহঅধিনায়ক), সৌম্য সরকার, মাহেদী হাসান, রাকিবুল হাসান, মুত্যুঞ্জয় চৌধুরী, তানজীম সাকিব, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আকবর আলী, নাঈম শেখ। রিজার্ভ : অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ।