আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটিতে হেরে এরইমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে তাই ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ইনজুরি আক্রান্ত এবাদত হোসেন ছাড়াও বাদ পড়েন দুই পেসার মোস্তাফিজুর রহমান ও হাাসন মাহমুদ। দলে ঢোকেন তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। টস জিতে ব্যাট করতে নামা আফগান ইনিংসের ওপর ধ্বংসযজ্ঞ চালান দলে ঢোকা দুই পেসার তাসকিন ও শরীফুল এবং বাঁহাতি স্পিনার তাইজুল।

এ প্রতিবেদন লেখে পর্যন্ত ৩০ ওভার শেষে আফগানদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৭৭ রান। এর মধ্যে ৪ উইকেটই নিয়েছেন শরীফুল। ১টি করে উইকেট নিয়েছেন তাসকিন, তাইজুল ও সাকিব।

আফগান ইনিংসের তৃতীয় ওভারেই জোড়া আঘাত হানেন বাঁহাতি পেসার শরীফুল। দ্বিতীয় বলে ইব্রাহিম জাদরানকে ফেরানোর পর রহমত শাহকেও আউট করেন। দুজনেই উইকেটরক্ষক মুশফিকুর রহিমের কাছে ক্যাচ দেন। এরপর আরেক ওপেনার রহমতউল্লাহ গুরবাজকে ব্যক্তিগত ৬ রানে ফেরান তাসকিন আহমেদ। আর অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ নবীকে নিজের তৃতীয় শিকার বানান শরীফুল। ১৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়া আফগানিস্তানকে পথ দেখানোর চেষ্টা করেন অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি ও নাজিবুল্লাহ জাদরান। তবে ৩২ রানের মাথায় সাকিব আল হাসানের বলে আউট হয়ে দলের বিপদ বাড়ান নাজিবুল্লাহ।

এরপর আজমাতুল্লাহ ওমারজাইকে সঙ্গে নিয়ে ধ্বংসস্তুপ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক শাহিদি। তবে দলীয় ৫৩ রানের মাথায় এই ম্যাচেই দলে ফেরা তাইজুলের বলে বোল্ড হন আফগান অধিনায়ক। ৬৮ রানের মাথায় ফের শরীফুলের আঘাত। আবদুল রহমানকে বানান নিজের চতুর্থ শিকার।