পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’। এটি মুক্তি পাবে আগামী ২ জুন। এরই মধ্যে চলছে সিনেমার জোর প্রচারণা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এর গান ‘জানরে’। বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের ‘বিক্রম বেদা’ সিনেমাতে ‘অ্যালকোহলিয়া’ গানটি গেয়ে চমক লাগানো গায়ক স্নিগ্ধজিত গেয়েছেন গানটি। ‘জানরে’ শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
এবার আলোচনায় এসেছে সিনেমার ট্রেলার। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলারে আভাস মিলল সীমান্তের রোমাঞ্চকর এক গল্পের। এর পরতে পরতে আছে উত্তেজনা। সীমান্ত মানেই বহু সংস্কৃতির মেলবন্ধন। ট্রেলার প্রকাশের পর রহস্য, রোমাঞ্চ ও এক অচেনা জগতের ঘ্রাণ ছড়াল সিনেমাটি। সীমান্ত এলাকার চোরাচালান, বাটপারি, ক্ষমতা, মাদকপাচার, মাদকসম্রাটসহ অনেক বিষয়ই ওঠে এসেছে এতে। আর এসব সিনেমার প্রতি দর্শকদের আগ্রহও আরও বাড়িয়ে তুলবে- এমনটাই মনে করছেন এর সংশ্লিষ্টরা।
আসাদ জামানের গল্পে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন আশীষ খন্দকার, অধরা খান, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধাসহ অনেকে।
নির্মাতা সৈকত নাসির বলেন, ‘এ সিনেমার হিরো গল্পটাই। আমি মনে করি, এটি আমাকে বাঁচিয়ে রাখবে। আমি সাধারণত এখন পর্যন্ত যা নির্মাণ করেছি, সেগুলোকে কন্টেন্ট বলি। তবে “সুলতানপুর” আমার কাছে একটি শক্তিশালী সিনেমা। এর প্রতিটি চরিত্র আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস দর্শক সিনেমাটি দেখে তৃপ্তি পাবেন।’
