সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে স্বাগতিক কাতারের। তাই ‘এ’ গ্রুপ থেকে নক আউটে যাওয়ার মধুর লড়াইয়ে নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর। কোন দুই দল পরের রাউন্ডে পা রাখবে তা জানা যাবে আজ। এই লড়াইয়ে খানিকটা এগিয়ে আছে ইকুয়েডর ও ডাচরা।

দুই ম্যাচে সমান ৪ পয়েন্ট তাদের।

ভালোভাবেই সম্ভাবনা টিকে আছে সেনেগালেরও। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৩। শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করতে এই ম্যাচে জিততে হবে তাদেরকে। ড্র করলেও হয়তো সম্ভাবনা থাকবে, যদি অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে দুই বা তার বেশি গোলে হারায় কাতার। সেনেগালের সঙ্গে ড্র করলেই নক আউটের টিকিট পাবে ইকুয়েডর। হেরে গেলেও সম্ভাবনা থাকবে দলটির, সে ক্ষেত্রে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারতে হবে স্বাগতিক কাতারের কাছে।

প্রথম ম্যাচ জেতার পর ইকুয়েডরের সঙ্গে ড্র করেছে ডাচরা। এতে নক আউটে যাওয়ার সমীকরণ সহজ হয়ে গেছে তাদের। হয় জেতো আর না হয় ড্র করো। তবে এক গোলের ব্যবধানে হারলেও সুযোগ থাকছে তাদের। কিন্তু কোনো জটিল সমীকরণে যেতে রাজি নন ডাচ কোচ লুই ফন হাল, ‘আমাদের দলে হয়তো বিশ্বের সেরা খেলোয়াড় নেই, কিন্তু আমি বিশ্বাস করি এই দলে রয়েছে অসাধারণ প্রতিভা। আমাদের এখন একমাত্র লক্ষ্য কাতারকে হারানো।

এবারের বিশ্বকাপে ইকুয়েডরের তিনটি গোলের সবগুলোই এসেছে এনের ভ্যালেন্সিয়ার পা থেকে। সেনেগালের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাঁর ইনজুরি ভাবাচ্ছে ইকুয়েডরকে। নেদারল্যান্ডসের কাছে ২-০ গোলে হারের পর কাতারের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সেনেগাল। পরের রাউন্ডে যেতে হলে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না কোচ আলিউ সিসে, ‘আমরা জানি ইকুয়েডর কঠিন দল। টিকে থাকতে হলে আমাদের সামনে জয় ছাড়া অন্য কোনো হিসাব নেই। যেভাবেই হোক জয় চাই আমরা।