তবে ম্যাচ শেষে ফার্নান্দেজ নিজেই প্রথম গোলটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর ওই গোলটি রোনালদোর বলেই ধারণা তাঁর, ‘আমার মনে হচ্ছে, বলটা ক্রিস্টিয়ানোর মাথা স্পর্শ করেছিল। গোলটা সে-ই করেছে। তবে আসল ব্যাপার হচ্ছে, আমরা ম্যাচটা জিতেছি এবং আমরা শেষ ষোলোতে জায়গা করে নিয়েছি। আজকের ম্যাচটি যথেষ্ট কঠিনই ছিল।
প্রথম গোলটির পর ফার্নান্দেজের উদ্যাপনটাও ছিল রোনালদোকে কেন্দ্র করেই, ‘আমি গোলটা উদ্যাপনও করেছি ক্রিস্টিয়ানোর গোল মনে করে। পরে দেখলাম সেটি তাঁকে না দিয়ে আমাকে দেওয়া হয়েছে।’
সোমবার গ্রুপ ‘এইচ’ এর অন্য ম্যাচটি ছিল উপভোগ্য। দক্ষিণ কোরিয়া দুর্দান্ত খেলেও ঘানার কাছে হেরে গেছে ৩-২ গোলে। পর্তুগাল শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে কোরিয়ার বিপক্ষে। সে ম্যাচ নিয়ে সতর্ক ফার্নান্দেজ, ‘আমরা জানি আমরা একটা গোছানো একটা দলের মুখোমুখি হতে যাচ্ছি। তাদের দলে প্রতিভার যথেষ্ট। ঘানার বিপক্ষে ম্যাচে আমরা তেমনটিই দেখলাম।
