বিপিএলে দল পেয়েছেন তামিম ইকবাল খান। নিলামের আগেই তাকে দলে টেনেছে খুলনা টাইগার্স। তামিমকে দলে ভিড়িয়ে এবারের আসরে নিজেদের উপস্থিতি জানান দিলো ফ্র্যাঞ্চাইজিটি। মালিকানা বুঝে পাওয়ার পর মাইন্ড ট্রি গ্রুপ বড় চমক নিয়েই নীরব থেকে সরব হলো।

বিপিএল উন্মাদনা আগে থেকেই শুরু হলেও তা নির্দিষ্ট কিছু ফ্র্যাঞ্চাইজিতেই সীমাবদ্ধ ছিল। বিসিবি’র ঘোষিত সাত ফ্র্যাঞ্চাইজির চারটি আলোচনায় থাকলেও বাকি তিনটি ফ্র্যাঞ্চাইজিতে ছিল সুনশান নীরবতা। অবশেষে খুলনা তামিমকে দলে ভিড়িয়েই আসরে প্রথমবারের মতো আলোচনায় আসলো।

এদিকে চট্টগ্রাম ও ঢাকা এখনো নীরব অবস্থানেই আছে। চট্টগ্রাম তাদের পেইজ সরব রাখলেও এখন পর্যন্ত কোনো ক্রিকেটারকে দলে টানেনি। বিপরীতে ঢাকা তো কোনো প্লেয়ার টানেইনি, বরং এবারের আসরে তাদের অস্তিত্ব নিয়েই রয়েছে শঙ্কা। বিসিবি’র আইন না মানায় এবারের আসরে দেখা নাও যেতে পারে রাজধানীর এই ফ্র্যাঞ্চাইজিকে।