তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হয়েছে আজ। দীর্ঘ সাত মাস পর ওয়ানডে ফরম্যাটে মাঠে নামছে টাইগাররা। সফরকারীদের কাছে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এই খেলা আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ বলে দুই দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ।

ওয়ানডে সুপার লিগে ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ। অন্যদিকে ৬ ম্যাচের সবকটিতে জিতে ৬০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আফগানরা। বাংলাদেশ যদি বিশ্বকাপ সুপার লিগের এই সিরিজে দুই ম্যাচ জিতে যায় তাহলে ইংল্যান্ডকে হটিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে যাবে। আর আফগানদের হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসি র‍্যাংকিংয়ে সাত থেকে উঠে আসবে ছয়ে।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে কেউই নিশ্চিত হয়ে বলতে পারে না যে বাংলাদেশ জিতবেই। আবার আশা করা হয় যেনো কোনোভাবেই না হারে টাইগাররা।

পরিসংখ্যান অবশ্য বলছে অন্য কথা। সব ফরম্যাটে মোট ১৫ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তাতে ৮-৭ ব্যবধানে এগিয়ে আছে আফগানরা। ৮ ওয়ানডেতে ৫ বার জয়ী বাংলাদেশ, তিনবার আফগানিস্তান। টেস্ট ও টি-টোয়েন্টিতে আবার এগিয়ে আছে আফগানরা। একমাত্র টেস্টে জিতেছে আফগানিস্তান। আর টি-টোয়েন্টিতে আফগানিস্তান জিতেছে ৪ বার আর বাংলাদেশ ২ বার। এবার আফগানদের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের শুরুটা? জানা যাবে আজই!