সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ১৯ হাজার ৯০৯ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ) দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু।
তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী বিএনপির আব্দুল বারী পেয়েছেন ১৩ হাজার ৬৮৭ ভোট, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নুরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৬৭৪ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে আবু সালেহ পেয়েছেন ২০০ ভোট।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা যান দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম। তার শূন্য পদে নির্বাচন কমিশনের (ইসি) আয়োজনে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) শান্তিপূর্ণ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। তবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ৫৯টি কেন্দ্রের অধিকাংশতেই ভোটারদের উপস্থিতির হার ছিল একেবারেই কম। শতকরা ২২.২৭ ভাগ ভোট কাস্ট হয়। মোট ভোটার সংখ্যা ১৬৯২২৬। মোট প্রদত্ত (কাস্টিং) ভোট সংখ্যা ৩৭৪৭০ ।
