কাগজে-কলমে এবারের বিপিএলে খানিকটা খর্বশক্তির দল সিলেট সানরাইজার্স। দলটির দেশি ক্রিকেটারদের তালিকার দিকে তাকালে এমনটাই মনে হতে পারে। কিন্তু ড্রাফটের পর কলিন ইনগ্রাম, লেন্ডল সিমন্স, রবি বোপারাদের মতো বিদেশীদের দলে ভিড়িয়ে শক্তির জায়গায় ভারসাম্য ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে দেশি ক্রিকেটারদের মধ্যে বড় কোনো তারকা না থাকলেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মাররা আছেন বলে আশাবাদী অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
সদ্য শেষ হওয়া স্বাধীনতা কাপ কিংবা তার আগে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) দুই টুর্নামেন্টেই শিরোপা উঁচু করে ধরেছেন সৈকত। ব্যাটে বলে নিয়মিত পারফর্ম করেছেন তিনি। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বিপিএল সামনে রেখে অনুশীলনে নেমে পড়া সিলেট সানরাইজার্সের মোসাদ্দেক হোসেন সৈকত আজ বুধবার মিরপুরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন।
সিলেটের দল গঠন নিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘আমাদের দলে হয়তো সুপারস্টার নাই। কিন্তু যারা আছে তারা ঘরোয়া ক্রিকেটের পারফর্মার। সবাই যদি নিজেদের দিনে ভালো খেলতে পারে তাহলে অবশ্যই ভালো একটা ফল আশা করা যায়। একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে ডেলিভার করাটা একটু কঠিন। আমরা অনুশীলন সেভাবেই করছি। কারণ যেহেতু আমরা শেষ টুর্নামেন্টটা ওয়ানডে ফরম্যাটে সাদা বলে খেলেছি, আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে মানিয়ে নিতে।’
এদিকে বিপিএল শুরুর দিন দুয়েক আগেই খবর অন্তত ২০ জন খেলোয়াড়, কোচ, স্টাফ করোনা পজিটিভ। এতে টুর্নামেন্ট নিয়ে কোনো শঙ্কা দেখেন না বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তবে মোসাদ্দেক স্বাস্থ্য নিরাপত্তাকে গুরুত্ব দিলেও বিশ্বাস করেন বিসিবি এ দিকটি ভালোভাবে সামলে নেবে।
মোসাদ্দেক আরও বলেন, ‘এটাতো বিসিবির সিদ্ধান্ত আমার কিছু না। তবে আমি একটা জিনিস বলতে পারি জীবনের চেয়ে খেলা কখনো গুরুত্বপূর্ণ না। জীবন থাকলে আপনি অবশ্যই খেলতে পারবেন। এ বিষয়গুলো ম্যানেজমেন্ট খুব ভালোভাবে দেখছে আমি মনে করি। বিসিবি খুব ভালভাবে টেক কেয়ার করবে ইনশাআল্লাহ।’
