বিরাট কোহলি গেল বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। তাই বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টিতে ভারত নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে রোহিত শর্মাকে। এখন ভারতীয় ক্রিকেটে জোর গুঞ্জন, কোহলির চাপ আরও কমানোর উপায় নিয়েও কথা হচ্ছে। ওয়ানডে দলের নেতৃত্ব থেকেও তাকে অব্যাহতি দিতে চান অনেকেই।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, পরের বছরই ওয়ানডে বিশ্বকাপ হবে। তাই দুই ফরম্যাটে দুই অধিনায়ক চাইছে না ভারতীয় বোর্ড। সাদা বলে রোহিতকে ভালো দুটি দল (টি-টোয়েন্টি ও ওয়ানডে) গড়ে তোলার জন্য বেশি সময় দিতে এখনই তাকে ওয়ানডের নেতৃত্বে চায় বিসিসিআইয়ের একটা অংশ। এমনই বলছেন অনেকেই।

ওয়ানডে ক্রিকেটে কোহলির নেতৃত্বের ভবিষ্যৎ আগামী সপ্তাহেই ঠিক হয়ে যাবে, এমনটাই আভাস দিয়েছে বিসিসিআই, কয়েক দিনের মধ্যেই ভারতের দল ঘোষণা করা হবে।