থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।বিরোধীদলীয় নেতার ছেলে সাদ এরশাদ এমপি আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন। বর্তমানে মায়ের সঙ্গে ব্যাংককে রয়েছেন তিনি।

সাদ জানান, তাঁর মা এখন আগের চেয়ে অনেকটা ভালো। বর্তমানে তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘ঢাকা থেকে যে অবস্থায় নিয়ে আসা হয়েছিল, সেই অবস্থা থেকে আম্মার এখন কিছুটা উন্নতি হয়েছে। আগের চেয়ে কিছুটা ভালো বলা যায়। তবে তিনি শঙ্কামুক্ত কি না চিকিৎসকরা এখনও কিছু বলেননি।’

গত ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তাঁর অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাঁকে। সেখানে তাঁকে বেশ কিছুদিন আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়।

হাসপাতালে থাকাকালেই গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয় রওশন এরশাদকে। বর্তমানে ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন ৭৮ বছর বয়সী এ রাজনীতিবিদ।

প্রায় তিন মাসেও স্বাস্থ্যের অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে গত ৫ নভেম্বর রওশন এরশাদকে থাইল্যাণ্ডে নেওয়া হয় এবং ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সঙ্গে আছেন রওশন এরশাদের ছেলে সংসদ সদস্য রাহগীর আলমাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন।