তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বলেছেন, সব ধর্মই ভালোবাসার বার্তা বয়ে আনে। তবে সমস্যা রাজনীতিকরা। এখন ধর্ম নিয়েও রাজনীতি করা হচ্ছে।
বুধবার (১০ নভেম্বর) টোকিওতে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দালাই লামা। ভারত থেকে ওই সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।
সংবাদ সম্মেলনে নানা বিষয় নিয়ে কথা বলেছেন দালাই লামা। আলোচনায় উঠে এসেছে চীনে সংখ্যালঘু নিপীড়ন ও তাইওয়ান সংকটের মতো বিষয়গুলো।
দালাইলামা বলেন, ‘তিব্বত ও জিনজিয়াংয়ের বিষয়ে বলতে গেলে আমাদের নিজেদের আলাদা সংস্কৃতি রয়েছে। সংকীর্ণমনা চীনা কমিউনিস্ট নেতারা ভিন্ন সংস্কৃতির এ বিচিত্রতা বোঝেন না।’
চীনের সবচেয়ে বড় সম্প্রদায় হান জনগোষ্ঠী অন্য গোষ্ঠীগুলোর ওপর মাত্রাতিরিক্ত নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ আনেন দালাই লামা। তিনি বলেন, বিষয়টি এমন নয় যে শুধু হান সম্প্রদায়ের লোকজনই চীনে রয়েছে। এখানে অন্য অনেক জনগোষ্ঠীও বসবাস করে।
