ইরানের সঙ্গে বিশ্বশক্তির পরমাণু সমঝোতা পুনরায় কার্যকর করার লক্ষ্যে চলতি মাসেই ফের আলোচনা শুরু হচ্ছে। ২৯ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকে সম্মত হয়েছেন বলে জানিয়েছে ইরানের প্রধান আলোচক ও উপ-পররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি-কানি।

আলি বাকেরি-কানি জানিয়েছেন, ‘ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান ও আলোচনার মধ্যস্থতাকারী এনরিক মোরার সঙ্গে টেলিফোনালাপে আমরা পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা ২৯ নভেম্বর থেকে ভিয়েনায় শুরু করতে সম্মত হয়েছি। ’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা অমানবিক ও অন্যায় নিষেধাজ্ঞা দূর করার লক্ষ্যেই এ আলোচনা হবে।

দীর্ঘ আলোচনার পর ২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরে মধ্যস্থতা করে ইউরোপীয় ইউনিয়ন। ওই সমঝোতার মাধ্যমে ইরানের ওপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কিন্তু ২০১৮ সালে ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে যুক্তরাষ্ট্র।

ইরান পরমাণু সমঝোতার বাকি স্বাক্ষরকারী দেশগুলো হচ্ছে— যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া।