সচেতন নাগরিক কমিটি ( সনাক ) শ্রীমঙ্গল এর আয়োজনে জাতিসংঘ জলবায়ু সম্মেলন ( কপ ২ ), আর নয় কয়লা ভিত্তিক জ্বালানি, নবায়ন যোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে চাই কার্যকর নীতি ও বিনিয়োগ এই শ্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৩১ অক্টোবর ) সকাল ১০ টায় মৌলভীবাজার রোডস্থ সচেতন নাগরিক কমিটি (সনাক) অফিসের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের সভাপতিত্ব করেন সনাক শ্রীমঙ্গলের সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।

টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিক কবিতা দাশ, সাংস্কৃতিক কর্মী নিতেশ সুত্রধর, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন, কবি জাবেদ ভুঁইয়া, পরিবেশ কর্মী মোঃ নুরুজ্জামান, বিজয় দাশ প্রমূখ।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, জলবায়ু হচ্ছে কোনো এলাকা বা ভৌগোলিক অঞ্চলের ৩০-৩৫ বছরের গড় আবহাওয়া, কিন্ত বর্তমান বিশ্বে দ্রুত জলবায়ু পরিবর্তন একটি নৈমিত্তিক ঘটনা। জলবায়ু পরিবর্তন একটি নিয়মিত প্রাকৃতিক ঘটনা। কিন্তু এই পরিবর্তন মানুষের কর্মকান্ডের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত, মানুষের বিভিন্ন কর্মকান্ড জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করেছে। এই পরিবর্তনে বিশ্ব উষ্ণায়িত হচ্ছে এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহ ব্যাপকহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ব উষ্ণায়ন পাল্টে দিচ্ছে আবহাওয়ার ধরন এবং ঋতু বৈচিত্র্য।

বক্তারা আরো বলেন, এই জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যা বৈশিক উষ্ণতা নামে অধিক পরিচিত। বৈজ্ঞানিক ভাষায় একে গ্রিন হাউস প্রভাব বলা হয়। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে নানা প্রকারের দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে যেমন অতি বৃষ্টি, অনাবৃষ্টি, আকস্মিক বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি।

যার ফলশ্রুতিতে জান ও মালের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছে। এর কারণে প্রতি বছর নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ আর এর প্রভাব পড়ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে। এবং এর থেকে উত্তরণের জন্য এখনই জাতিসংঘ এবং উন্নত বিশ্বের সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় মানববন্ধনে।